Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌপরিবহন মন্ত্রণালয়ের ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৮:৩৫

নৌপরিবহন মন্ত্রণালয়।

ঢাকা: নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপি সম্প্রতি বরিশাল এবং ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এছাড়া অনেককে অফিসের নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়।

এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রীর নির্দেশনার আলোকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ হতে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ হতে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ হতে ১ জন এবং হিসাব বিভাগ হতে ১ জনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করেছে।

এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করেছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একইসঙ্গে সরকারি দফতরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।