Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি ছাত্রী সংস্থার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৩:৫৮

ঢাকা: শিশু রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করে, দ্রুততম সময়ে ধর্ষক ও খুনীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা।

শুক্রবার (২২ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড এবং অব্যাহত নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।

মানববন্ধনে ছাত্রী সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী মারুফা তাবাসসুম বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করে, দ্রুততম সময়ে ধর্ষক ও খুনীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। অন্যান্য সকল নারী ও শিশু সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত পেশ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নারী ও শিশু সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোনো পর্যায়ের কর্মকর্তার গাফলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

এসময় তিনি নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব তুলে ধরে বলেন, ১. সামাজিক অবক্ষয় রোধে, রাষ্ট্রীয় উদ্যোগে জরুরি ভিত্তিতে মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ ও সমস্ত অশ্লীল সাইট বন্ধ করতে হবে। ২. ছোট বড় সকলের জন্যই নৈতিক শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরণের প্রতিষ্ঠানেই সচেতনতামূলক কর্মসূচি চালু করতে হবে। ৩. বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। ৪. নারী ও শিশুর প্রতি যে কোন সহিংসতায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগের নেত্রী রাইসা রিফাত জুইন, ঢাকা মহানগরী উত্তর শিক্ষা বিভাগ সেক্রেটারি ইকরা কবীর নূর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সুখীমন খাতুন, মেডিবোন ও ইংলিশ মিডিয়াম বিভাগের নেত্রী ডা. খাদিজা বিনতে ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাহিত্য সাংস্কৃতিক বিভাগের নেত্রী সালসাবিলা সায়মা প্রমুখ।