Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১২:২৪ | আপডেট: ১৯ মে ২০২৬ ১৪:৪৮

বগুড়া সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকা: উত্তরবঙ্গের প্রবেশদ্বার নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন।

মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

এর আগে, গত রোববার (১৭ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসিচব মো. রবিউল ইসলাম সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত পত্রের মাধ্যমে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক পদে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন এম আর ইসলাম স্বাধীন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নবগঠিত এই সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান সই করা এক সরকারি গেজেটে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়।

বর্তমান বগুড়া পৌরসভা এবং এর সঙ্গে সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন সম্প্রসারিত ও পার্শ্ববর্তী এলাকা (যেমন— ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সুত্রাপুর, মালগ্রাম, ঠনঠনিয়া, মালতীনগর, ফুলদিঘী ও বেতগাড়ী) সমন্বয়ে মোট ২১টি ওয়ার্ড নিয়ে এই নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর