Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউরোসায়েন্সেস হাসপাতাল
প্রয়োজন নেই, তবুও ৬৫ কোটি টাকার যন্ত্র কেনার উদ্যোগ!

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ২৩:৪৭ | আপডেট: ১৭ মে ২০২৬ ০১:১৪

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা: ‎রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম-পরিচালক ডা. বদরুল আলম মন্টুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম ও অপ্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি কেনার উদ্যোগের অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (১৪ মে) হাসপাতালটির সহকারী পরিচালক, যুগ্ম পরিচালক ও পরিচালকের সই করা অভিযোগসংক্রান্ত একটি আবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেন। অভিযোগে বিষয়টি তদন্তের আহবান জানানো হয়েছে।

অভিযোগে বলা হয়, হাসপাতালের জন্য Stereotactic Radiosurgery (SRS) with all accessories for Brain & Spine নামে একটি যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। তবে সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে হাসপাতালটিতে এই যন্ত্র ব্যবহারের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল ও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক নেই।

বিজ্ঞাপন

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, হাসপাতালটিতে বর্তমানে এ ধরনের যন্ত্রের তাৎক্ষণিক প্রয়োজনীয়তা নেই। তা সত্ত্বেও উচ্চমূল্যের যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হলে সরকারের বড় অঙ্কের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

অভিযোগকারীদের ভাষ্য, যুগ্ম-পরিচালক ডা. বদরুল আলম মন্টু ব্যক্তিগত সুবিধা ও প্রভাব খাটিয়ে এই ক্রয় প্রক্রিয়া এগিয়ে নিতে চেষ্টা করছেন। একইসঙ্গে হাসপাতালের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তেও তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগকারীরা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্বাস্থ্য খাতসংশ্লিষ্টরা বলছেন, উচ্চমূল্যের চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে প্রয়োজনীয়তা, জনবল ও ব্যবহার সক্ষমতা যাচাই ছাড়া সিদ্ধান্ত নিলে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের ঝুঁকি থাকে। এ বিষয়ে জানতে চেয়ে ডা. বদরুল আলমকে ফোন করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

হাসপাতালের একজন যুগ্ম পরিচালক বলেন, ‘ডা. বদরুল আলম হাসপাতালটির প্রতিষ্ঠালগ্ন থেকেই আছেন। তার কথার বাইরে এখানে কিছুই হয় না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হওয়ায় সাবেক ডেপুটি স্পিকারের পরিচয়ে শুরু থেকেই মূল চেয়ার দখলে রেখে সবকিছু নিয়ন্ত্রণ করছেন।’

তিনি আরও বলেন, ‘এই হাসপাতালে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তার ৯৮ ভাগই গাইবান্ধার বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভোল পালটে এখনো তিনি বহাল তবিয়তে আছেন। আর সুযোগ বুঝে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ৬৫ কোটিতে কেনার জন্য আবেদন করেছেন।’

প্রসঙ্গত, নিউরো সায়েন্স হাসপাতালটি স্ট্রোক রোগীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা দিয়ে থাকেন। বাংলাদেশের ক্রিটিক্যাল স্ট্রোক রোগীদের এখানে আনা হয়।