ঢাকা: দেশের অন্তত ৯ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, এই ঝড়ো আবহাওয়ার কারণে রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অপরদিকে দেশের বৃষ্টিপাতের সার্বিক অবস্থা নিয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য দিয়েছেন। তিনি বলেন, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলায় দুপুর ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় দুপুর ৩টা থেকে রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম থাকলেও বিকেল ৬টার মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগের কিছু জেলায় দুপুর ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে এবং রংপুর বিভাগের লালমনিরহাট ও কুড়িগ্রামে দুপুর ২টার পর থেকে শনিবার বিকেল ৬টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় রাত ১০টার পর থেকে ভোর ৪টার মধ্যে বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেটে দুপুর ৩টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং দুপুর ৩টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে পুরো বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনায় দুপুর ৩টা পর্যন্ত বৃষ্টি চলার পর বিকেল ৬টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে পুরো বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।