Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রা
আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১০:৩০

ছবি: সংগৃহীত।

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ বুধবার (১৩ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রায় প্রথম দিনের, অর্থাৎ ২৩ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে আজ।

বুধবার (১৩) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

অগ্রিম টিকিট শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৪ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৬ মে এবং ২৭ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে।

বিজ্ঞাপন

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রীদের অনুরোধে, যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ছাড়া) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

রেলওয়ে আরো বলছে, নির্ধারিত মাধ্যমের বাইরে টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনভিত্তিক টিকিট ব্যবস্থাপনায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।