ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১২ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা নতুন দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন। তারা সব সময় বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের আন্তরিক অভিনন্দন ও বক্তব্যকে স্বাগত জানান। তিনি ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে ওআইসি দেশগুলোর সঙ্গে গড়ে ওঠা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি এই সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী দুই দেশের জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর জোরালো সমর্থন প্রত্যাশা করেন।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৭টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।