Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্যবিক্রি শুরু ১১ মে

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ২৩:৫৩

ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্যবিক্রি। ফাইল ছবি

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে সোমবার (১১ মে)। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগারগাঁও এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করবেন।

রোববার (১০ মে) টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেনের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে জানানো হয়েছে, সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১-২১ মে পর্যন্ত ১০দিন (শুক্রবার ব্যতীত) দৈনিক ট্রাক প্রতি চারশ জন সাধারণ জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ দশমিক ৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ দশমিক ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

বিজ্ঞাপন

আদেশে আরও বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রি কার্যক্রম চলছে।

পাশাপাশি ঈদ উপলক্ষ্যে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০ (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০ (চট্টগ্রাম জেলাসহ), অন্য ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫ করে এবং অবশিষ্ট ৫৬ জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

ভোক্তা প্রতি সর্বোচ্চ বিক্রি (পরিমাণ) ভোজ্য তেল দুই লিটার প্রতিলিটার ১৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা, মসুর ডাল ২ কেজি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।

ঈদুল আজহা উপলক্ষ্যে প্রায় ৭২ লাখ টিসিবির কার্ডধারী পরিবারের কাছে মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রি করা ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম