Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার করল নৌবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৯:৩৯

ঢাকা: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (৪ মে) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সোমবার (৪ এপ্রিল) ভোরে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র জব্দের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ সময় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আইএসপিআর আরও জানায়, অভিযানে আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ কার্যক্রম এবং আটককৃত আসামির বিরূদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে অব্যাহতভাবে অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছে আইএসপিআর।

সারাবাংলা/এমএইচ/এনজে