Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৩:৩৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থী লিমনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

সোমবার (৪ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে মরদেহ গ্রহণের সময় তিনি একথা বলেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করবে এবং হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবে।

এর আগে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (USF) বাংলাদেশি শিক্ষার্থী জনাব জামিল আহমেদ লিমনের মরদেহ আজ বাংলাদেশ সকাল ৮টা ৪০মিনিটে দেশে পৌঁছায়। এই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে মরদেহ গ্রহণ করেন এবং বিমানবন্দরে উপস্থিত নিহত লিমনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। মরদেহ গ্রহণ এবং হস্তান্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।

বিজ্ঞাপন

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানান হয়েছে। মন্ত্রণালয় জানায়, সরকার নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে আছে উল্লেখপূর্বক প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক নিহত দুই শিক্ষার্থীর পরিবারের প্রতি সরকারের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, নিহত লিমনের মরদেহ গত ২ মে সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে প্রেরণ করা হয়। মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল ও কনসাল সেখানে উপস্থিত থেকে প্রেরণ প্রক্রিয়া তদারকি করেন। নিহত লিমনের জানাজার নামাজ গত বৃহস্পতিবার ৩০ এপ্রিল বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।

এদিকে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সনাক্তের সংবাদ হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করা হয়। বর্তমানে নাহিদার মরদেহ ফিউনারেল হোমের তত্বাবধানে বাংলাদেশে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আগামী বৃহস্পতিবার (৭ মে) নাহিদার মরদেহ দেশে পাঠানোর জন্য ফিউনারেল হোম ফ্লাইট বুকিংয়ের চেষ্টা করছে। মায়ামিস্থ বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একযোগে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর