Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১২:৪৫ | আপডেট: ২ মে ২০২৬ ১৩:০৪

সিলেট: সিলেটে সুরমা নদীর পাড়ে সৌন্দর্য বর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প উদ্বোধনের পর সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে সুধী সমাবেশে তিনি যোগ দেন। এতে স্বাগত বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

এর আগে, সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেটের জলাবদ্ধতা ও বন্যা নিরসন এবং নগরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তুমুল বৃষ্টির মধ্যে সকাল ১০টার সিলেটে এসে পোঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি যান সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

বিজ্ঞাপন

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর।

এরপর বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো মাঠে কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, নজরদারি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট নগরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে। রাস্তা মেরামত, সড়কের ডিভাইডারে সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষরোপণ, নতুন রং করাসহ নগরকে একবারে ঝকঝকে রূপ দেওয়া হয়েছে।

নগর থেকে অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুনও অপসারণ করে নিয়েছে সিলেট সিটি করপোরেশন।