ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে ৪১ হাজার ৬২৯ হাজারের বেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরবে। আর এ পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রী ৭ জন মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২ মে) রাত ২:৫৯ মিনিটে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৫৫৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৪৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।
এ পর্যন্ত মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুইজন মদিনায় মারা গেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন, মো. শামসুল আলম (৬৩), যার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী এবং এ বছর সরকারি ব্যবস্থাপনায় এটিই প্রথম মৃত্যু।
এর আগে, ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় এবং একই দিন মক্কায় শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মারা যান।
এ ছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।
সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে চার হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
সৌদি পৌছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
সিনিয়র করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১১:১২
২ মে ২০২৬ ১১:১২
সারাবাংলা/এনএল/ইআ