Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মে দিবসে ‘শ্রমিক চেতনা বিকৃতির’ অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৩:১৪ | আপডেট: ১ মে ২০২৬ ১৭:২৯

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ।

ঢাকা: আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক আন্দোলনের ভেতরে ‘চেতনা বিভ্রান্তি’ ও ‘শোষণ আড়াল করার অপচেষ্টা’র অভিযোগ তুলে তা প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১ মে) প্রেস ক্লাবের সাম‌নে আ‌য়ো‌জিত সভায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এ দা‌বি ক‌রেন।

বক্তারা ব‌লেন, শ্রম-পুঁজির মৌলিক বিরোধকে আড়াল করে মালিক-শ্রমিকের কৃত্রিম ঐক্যের মাধ্যমে মে দিবসের প্রকৃত তাৎপর্যকে বিকৃত করা হচ্ছে। এতে শ্রমিকদের শোষণমুক্তির সংগ্রামের চেতনা দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়।

তারা জানায়, ইতিহাস সাক্ষ্য দেয়-রাষ্ট্রযন্ত্রের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শ্রমিকদের প্রাণহানির ঘটনাও ঘটেছে, যা মে দিবসের আত্মত্যাগের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। সেই প্রেক্ষাপটে শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন এই বাস্তবতা অনুধাবন করে শোষণ বিরোধী সংগ্রামে ঐক্যবদ্ধ হয়।

বিজ্ঞাপন

সাম্রাজ্যবাদী ব্যবস্থার সমালোচনা করে বক্তারা বলেন, একচেটিয়া পুঁজিপতি শ্রেণি বিশ্বব্যাপী শোষণ-লুণ্ঠনের মাধ্যমে অর্জিত সম্পদের একটি অংশ শ্রমিক শ্রেণির একটি অংশকে প্রভাবিত করতে ব্যবহার করে। এর ফলে শ্রমিক আন্দোলনের ভেতরে ‘শ্রমিক অভিজাত’ নামে একটি শ্রেণি তৈরি হয়, যারা প্রকৃতপক্ষে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে।

এ প্রসঙ্গে রুশ বিপ্লবী নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই ধরনের নেতৃত্ব শ্রমিক আন্দোলনে বুর্জোয়া প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে কাজ করে এবং সংস্কারবাদ ও জাতীয়তাবাদের মাধ্যমে মূল আন্দোলনকে দুর্বল করে।

শ্রমিকদের উদ্দেশে বক্তারা আহ্বান জানায়, মে দিবসের প্রকৃত চেতনা— শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে— পুনরুদ্ধারে সচেতন ভূমিকা রাখতে এবং যেকোনো বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে অবস্থান নিতে।