ঢাকা: সংসদ অধিবেশন পরিদর্শন করতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে আসেন প্রধানমন্ত্রীর প্রাক্তন কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ পরিদর্শনে আসেন।
সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীরা আসনগ্রহণ করেন। এ সময়, সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদের একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, ‘আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিল।’ এ সময় দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।
এরপর উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারনা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে স্পিকারকে চিঠি দেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যেহেতু আজ সংসদে ভাষণ দেবেন, সেজন্য শিক্ষামন্ত্রীর মাধ্যমে তিনি তার প্রাক্তন কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান।