Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি: শহিদ ফাইয়াজের বাবা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৪:১৭

শহিদ ফাইয়াজের বাবা আলহাজ শহিদুল ইসলাম ভূঁইয়া।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ শহিদুল ইসলাম ভূঁইয়া বলেছেন, আমাদের সন্তানরা ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, ভোটাধিকার ফিরিয়ে দিতে, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জীবন দিয়েছিল। অথচ আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি।

শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বলেন, আমি আজকে এ সমাবেশ থেকে বলতে চাই, ঐকমত্য কমিশন সংবিধান সংস্কারের যে রিপোর্ট জমা দিয়েছিল তা এই সরকার বাস্তবায়নে গড়িমসি দেখাচ্ছে। গণভোটের রায় সব দাঁড়ি-কমা ঠিক রেখেই বাস্তবায়ন করতে হবে। যে সংবিধান আমার ছেলেসহ হাজারও শহিদের জীবন কেড়ে নিয়েছে, যে সংবিধান স্বৈরাচারের জন্ম দেয়, যে সংবিধান আপনার আমার ভোটের অধিকার কেড়ে নেয়, আমরা সেই সংবিধান দেখতে চাই না। আমরা এমন একটি সংবিধান দেখতে চাই যাতে আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে। যে সংবিধানের জন্য আর কোনো ছাত্রকে জীবন দিতে হবে না, আমরা সেই সংবিধান চাই।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনিও তো মজলুম ছিলেন। আপনার মা বলেছিলেন আমরা ক্ষমতায় এলে সংবিধান ছুড়ে ফেলে দেব। সুতরাং সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য সংবিধান। তাই অনতিবিলম্বে গণভোটের রায়ের বাস্তব রূপ দেন।

জুলাইযোদ্ধা কামরুল হাসান বলেন, কোনো ধরনের দাঁড়ি-কমা-সেমিকোলন পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আবার সংসদ ঘেরাও করা হবে।

জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে আয়োজিত এই সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদসহ ১১দলীয় ঐক্য’র শীর্ষ নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/ইআ