ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর কার্যক্রম আরও গতিশীল এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
বর্তমান প্রশাসকের মেয়াদ আগামী সোমবার (২৭ এপ্রিল) শেষ হতে চলায় সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে এই নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দারের সই করা এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে যে, নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ বদরুল হক আগামী ২৮ এপ্রিল ২০২৬ তারিখ হতে পরবর্তী চার মাসের জন্য বায়রা’র প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সরকারের এই নির্দেশনায় আরও জানানো হয়েছে যে, দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসক সংগঠনের নিয়মিত দাফতরিক ও দৈনন্দিন কার্যক্রম তদারকি করবেন। তার প্রধান দায়িত্ব হবে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি এবং সমগ্র প্রক্রিয়া শেষে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করবেন।