Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৪:৩০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৫:৫২

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ অন্যান্যরা।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বইপড়ার অভ্যাস গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়। নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস ও সৃজনশীল মানসিকতা বিকাশে সরকারের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

বিজ্ঞাপন

এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মের মেধা ও মননশীলতা বিকাশে এখন থেকে সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র। বইপড়ার আন্দোলনকে সারাদেশে আরও বেগবান করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠাভ্যাসকে পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, সুস্থ সাংস্কৃতিক বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর