ঢাকা: অপতথ্য ও ভুল তথ্যের মাধ্যমে সৃষ্ট বর্তমান সময়ের নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই আগ্রহের কথা জানান। বৈঠকের শুরুতে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।
সাক্ষাৎকালে ড. সুসান ভাইজ বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ফ্যাক্ট-চেকিং’ বা তথ্য যাচাইয়ের ওপর ইউনেস্কো বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য যাচাইয়ের বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তরুণ প্রজন্ম অপতথ্য শনাক্ত করতে সক্ষম হয়।
ইউনেস্কোর এই কার্যক্রমকে সময়োপযোগী উল্লেখ করে স্বাগত জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগে তথ্যের স্বচ্ছতা ও সঠিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই ইউনেস্কোর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটি শক্তিশালী কাঠামো তৈরির আহ্বান জানান তিনি।
বৈঠকে ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ সরকারের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন এবং অপতথ্য প্রতিরোধে সরকারকে সব ধরনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন। গুরুত্বপূর্ণ এই সৌজন্য সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন। সভায় উভয় পক্ষ ভবিষ্যতে তথ্য ও গণমাধ্যম খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন।