ঢাকা: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রাখা ও অপচয় রোধে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পর এবার গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে বাসভাড়া বাড়ানোর বিষয়ে পরিবহণ মালিকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি শুরু হয়।
সড়কমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের প্রতিনিধি, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পরিবহণ মালিক সমিতির নেতারা উপস্থিত রয়েছেন।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং সংশ্লিষ্ট পরিবহণ মালিকদের সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে যাত্রী সাধারণের যাতায়াত ব্যয় কতটুকু বাড়বে তা নির্ধারণে একটি বিশেষ কমিটি কাজ করেছে। সেই কমিটি থেকে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২২ পয়সা বাড়ানোর প্রাথমিক সুপারিশ করা হয়েছে। চলমান এই সভায় সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সুপারিশকৃত এই ভাড়ার হার চূড়ান্ত করার কথা রয়েছে।
যদি এই প্রস্তাবটি গৃহীত হয়। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে বর্তমান ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬৪ পয়সায় দাঁড়াতে পারে। একইভাবে দূরপাল্লার রুটের বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সার পরিবর্তে ২ টাকা ৩৪ পয়সা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সব ধরনের জ্বালানি তেলের দাম একযোগে বাড়িয়ে দেয়। নতুন নির্ধারিত মূল্যে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং কেরোসিনে ১৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত এই মূল্য গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে সারাদেশে কার্যকর হয়। জ্বালানি তেলের দাম বাড়ার পরপরই গণপরিবহণের মালিক ও শ্রমিকরা ব্যয়ের ভারসাম্য রক্ষায় ভাড়া বাড়ানোর জন্য তৎপর হয়ে ওঠেন।
এর আগে, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে ২০২২ সালে সর্বশেষ বাসভাড়া বাড়ানো হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের যাতায়াত খরচ ও পরিবহণ খাতের ব্যয় সমন্বয় করতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া বৃদ্ধির চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।