Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়ল ১১ পয়সা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৩:০৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৩:৪৫

ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে ১১ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা।

অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। তবে তেলের দাম বাড়া-কমার সঙ্গে এই ভাড়া সমন্বয় করা হবে বলেও জানান সড়কমন্ত্রী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নতুন বাস ও মিনিবাসের ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন এ ভাড়া আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী। তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সড়কমন্ত্রী বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। জ্বালানি তেলের দাম কমে গেলে বাস ভাড়া আবার কমবে। তবে রেল ও নৌ পরিবহণের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিআরটিসি বাস ভাড়া প্রসঙ্গে তিনি জানান, বিআরটিসি বাসের ভাড়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি এখনো বিবেচনাধীন। আমরা এখনো যেটা বিবেচনা করছি সেটা হচ্ছে বিআরটিসির যে বাসগুলো এখন চলছে, অন্যান্য বাসের ভাড়া বৃদ্ধির ব্যাপারে গুণাগুণ বিচার করে একটি যৌক্তিক পর্যায়ে বিআরটিসির ভাড়া নির্ধারণ করার জন্য।

এক প্রশ্নের জবাবে এসি বাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসি বাসের ভাড়ার ব্যাপারে সীমারেখা নির্ধারণ করা হবে।

এর আগে, গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর