ঢাকা: প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে সরকারের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক পরিবর্তনের তথ্য জানানো হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সচিব পদে পদোন্নতি করা হয়েছে। পদোন্নতি পাওয়ার পর তাকে একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।