ঢাকা: জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে এক সংসদ সদস্যের (এমপি) খাওয়া-দাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশনে শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখার স্বার্থে এমন আচরণের সমালোচনা করে স্পিকার বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ (আল্লাহই জানেন)’।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। তবে ক্যামেরায় ওই সংসদ সদস্যের মুখ দেখা না যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংসদ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অধিবেশন চলাকালে স্পিকার তার চেয়ারে বসে হঠাৎ লক্ষ্য করেন এক সংসদ সদস্য কিছু একটা খাচ্ছেন। অধিবেশন কক্ষে খাওয়ার কোনো নিয়ম না থাকায় স্পিকার তৎক্ষণাৎ মাইকে তাকে প্রশ্ন করেন তিনি কী খাচ্ছেন। স্পিকার জানতে চান— তিনি চা পান করছেন কি না।
জবাবে ওই সংসদ সদস্য জানান, তিনি চা নয় বরং ‘গরম পানি’ পান করছেন। সংসদ সদস্যের এমন উত্তরে স্পিকার কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’।
সংসদীয় রেওয়াজ অনুযায়ী, অধিবেশন কক্ষের ভেতরে চা-পান, ধূমপান কিংবা কোনো ধরনের খাবার খাওয়ার অনুমতি নেই। সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় বিষয়টি সবসময় কঠোরভাবে পালন করা হয়।
সংসদের কার্যপ্রণালী বিধির ৩১১ নম্বর বিধি অনুযায়ী, সংসদ কক্ষটি সংসদের আনুষ্ঠানিক বৈঠক ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করার সুযোগ নেই। খাওয়া-দাওয়া বা পানীয় গ্রহণ যেহেতু আনুষ্ঠানিক বৈঠকের অংশ নয়, তাই এ ধরনের কাজ বিধির পরিপন্থী বলে গণ্য হয়।
অতীতেও বিভিন্ন সময় অধিবেশন কক্ষে মোবাইল ফোন ব্যবহার বা খোশগল্প করার কারণে স্পিকারদের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে এবার সরাসরি খাবার খাওয়ার ঘটনায় সংসদে হাসাহাসি ও বিস্ময়ের সৃষ্টি হয়।