Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৫:৫৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:০০

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অন্যান্যরা।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে রাজনৈতিক উপদেষ্টার দফতরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে কৃষি, বনায়ন এবং শিক্ষা এই তিনটি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশের কৃষি উৎপাদন ও আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রমের সম্প্রসারণ এবং শিক্ষা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে দুইজনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এসব গুরুত্বপূর্ণ খাতে চীনের পক্ষ থেকে আরও সক্রিয় ও কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং দেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে চীনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস দেন করেন।

সৌজন্যমূলক এই বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং এবং সেকেন্ড সেক্রেটারি হুয়াং মৌছং উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর