ঢাকা: সরকারি সফরে মালয়েশিয়া গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, গত ১৯ এপ্রিল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়া গমন করেন। তিনি আজ সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘দ্য ডিফেন্স সার্ভিস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (নেসটেক এশিয়া)-২০২৬ প্রদর্শনী’ পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।
এছাড়াও, তিনি আগামী ২১ এপ্রিল ৮ম পুত্রজায়া ফোরাম-এ অংশগ্রহণ করবেন। ওই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এ সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিগণের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে জানিয়েছে আইএসপিআর।