Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশ সফরে মানতে হবে যেসব নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১২:১৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১২:১৪

ঢাকা: মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় ও সরকারি কাজে বিদেশ ভ্রমণ এবং দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে অনুসরণীয় রাষ্ট্রাচার বা প্রটোকল নিয়ে নতুন নির্দেশাবলি জারি করেছে সরকার।

গত (১৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা জারি করা হয়, যা আজ সোমবার (২০ এপ্রিল) জনসমক্ষে প্রকাশ করা হয়েছে।

২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা এ সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশাবলি বাতিল করে এই নতুন নিয়মাবলী কার্যকর করা হয়েছে। নতুন নির্দেশাবলি অনুযায়ী প্রটোকলের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো-

বিদেশ যাত্রা বা বিদেশ থেকে ফেরার সময় বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব অথবা যুগ্মসচিবকে উপস্থিত থাকতে হবে। দেশের অভ্যন্তরে সফরের সময় মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ঢাকা ত্যাগ ও ফেরার সময় তার একান্ত সচিব (পিএস) উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

জেলা সদরে সফরের সময় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট দপ্তরের স্থানীয় জ্যেষ্ঠতম কর্মকর্তা অভ্যর্থনা ও বিদায় জানাবেন। তবে ডিসি বা এসপির নিজস্ব সরকারি সফর থাকলে তা বাতিলের প্রয়োজন নেই; সেক্ষেত্রে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার এই দায়িত্ব পালন করবেন। তবে মন্ত্রী ইচ্ছা প্রকাশ করলে ডিসি বা এসপি তাদের নিজস্ব সফর বাতিল করে উপস্থিত থাকবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার ও সংশ্লিষ্ট দফতরের জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা জানাবেন। এখানে ডিসি বা এসপির উপস্থিত থাকার আবশ্যকতা নেই।

ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও যশোরে যাতায়াতের সময় জরুরি প্রয়োজন না হলে ডিসি বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। তবে অন্য জেলা বা স্টেশনে ট্রানজিট নিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

নিরাপত্তা ও রেল ভ্রমণ মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন। রেলযোগে ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে পুলিশ সুপারকে সব স্টেশন ও ফাঁড়িকে অবহিত করতে হবে এবং ট্রেন পরিবর্তন বা অবতরণস্থলে একজন পরিদর্শক বা উপপরিদর্শক উপস্থিত থাকবেন। চট্টগ্রামে রেলযাত্রার সময় রেলওয়ে পুলিশ সুপার ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন।

সাধারণ নির্দেশাবলি ও খরচ নির্দেশনায় বলা হয়েছে, সফরসূচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে পাঠাতে হবে। সার্কিট হাউস বা সরকারি রেস্ট হাউস ছাড়াও নিজ বাড়িতে অবস্থানের ক্ষেত্রেও নিরাপত্তা প্রটোকল বহাল থাকবে। তবে সফরের ধরণ (সরকারি না কি ব্যক্তিগত) তা আগেভাগেই স্পষ্ট করতে হবে। ব্যক্তিগত সফরের ক্ষেত্রে যানবাহন বা বাসস্থানের সুবিধা নেওয়া হলে প্রচলিত নিয়ম অনুযায়ী তার নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে।

এই নতুন নির্দেশাবলি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিবদের (এপিএস) যথাযথভাবে তদারকি ও পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ডিবিএল গ্রুপ
২০ এপ্রিল ২০২৬ ১৩:১৩

আরো