Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদপত্রে দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু শিগগিরই: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২০:১৪

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ঢাকা: শিগগিরই সংবাদপত্রে দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর দেওয়া নিয়ে মতপার্থক্য দেখা দেওয়ায় নবম সংবাদপত্র মজুরি বোর্ড কার্যকর হয়নি।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

বিজ্ঞাপন

জবাবে মন্ত্রী আরও জানান, বর্তমানে নবম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে ৬টি রিট/সিভিল পিটিশন চলমান আছে।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সুরক্ষা, সক্ষমতা, সহায়তা, মর্যাদা ও নিরাপদ পেশাগত পরিবেশ তৈরির লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল; হুমকি/হামলা/ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত রেফারেল; নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা; ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ; জরুরি কল্যাণ সহায়তা; জেলা পর্যায়ের সাংবাদিক সুরক্ষা উদ্যোগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের প্রশ্নের জবাবে মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য আইনটি সংশোধন করার কার্যক্রম চলমান।

তিনি আরও জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পেশাগত কাজ করতে অক্ষম বা অসমর্থ, শারীরিক বা মানসিকভাবে অসুস্থ ও চিকিৎসার ব্যয় নির্বাহে অসমর্থ সাংবাদিকদের এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুযোগ-সুবিধা দেওয়ার কার্যক্রম চলমান। ২০২৫-২০২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত মোট এক হাজার ১১০ জন অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক ও নিহত সাংবাদিকের পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

বিরোধী দলের আবদুল আলীমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ অনলাইন ডেটাবেইস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংসদ সদস্য জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল চারটি। ৫৫টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন পেলেও পূর্ণ সম্প্রচারে বেসরকারি টিভি চ্যানেল ৩৭টি। নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের অপেক্ষায় নেই। ভবিষ্যতে নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর