ঢাকা: জ্বালানি সংকট মোকাবিলা এবং সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেন, বর্তমানে জ্বালানির যে সংকট দেখা দিয়েছে তা নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং সরবরাহ স্বাভাবিক করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিশেষ করে যেসব জায়গায় জ্বালানি মজুত রাখা হয়েছে বা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেগুলো উদ্ধারে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংকট পুরোপুরি সমাধান না হওয়ার বিষয়ে সচিব সরাসরি কিছু কারণ উল্লেখ করেন। তিনি জানান, বাজারে জ্বালানির সংকটের পেছনে একটি বড় কারণ হলো সংশ্লিষ্ট মহলের অতি মুনাফা লাভের বা ব্যবসার মনোবৃত্তি। যতক্ষণ পর্যন্ত এই অসম ব্যবসায়িক প্রতিযোগিতা থাকবে, ততক্ষণ সংকট পুরোপুরি কাটানো কঠিন হয়ে পড়বে। মন্ত্রিসভার বৈঠকে এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হলেও তাৎক্ষণিক কোনো নতুন সিদ্ধান্তের কথা তিনি জানাননি।
নাসিমুল গনি স্পষ্ট করেন যে, আগের কেবিনেট বৈঠকে জ্বালানি সংক্রান্ত যেসব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, বর্তমানে সেগুলোর পর্যালোচনা ও বাস্তবায়নের কাজ জোরদার করা হচ্ছে। সংকট সমাধানে নিয়মিত তদারকি চললেও অসাধু সিন্ডিকেটের কারণে সুফল পেতে কিছুটা সময় লাগছে বলে তার বক্তব্যে উঠে আসে।