ঢাকা: দেশে হাম ও হামের উপসর্গে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২০৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৮৪ শিশু।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ২ শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং সন্দেহজনক হামে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৮৩ শিশুর মধ্যে নিশ্চত হামে ৯২ শিশু এবং সন্দেহজনক হামে ১১৯১ জন শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৩৫২ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৩০৬৫ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ১১৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১০ হাজার ৪৯৬ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ২০৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১৭২ জন এবং নিশ্চিত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।