Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ০৮:৫৮

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি।

ঢাকা: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের হাতে এই মর্যাদাপূর্ণ পদক তুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তার পাশাপাশি মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর পদক পাচ্ছেন মেজর মোহাম্মদ আবদুল জলিল। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), এবং সংস্কৃতিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ খ্যাত এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও সংগীতশিল্পী বশীর আহমেদকে (মরণোত্তর) এই সম্মাননা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ক্রীড়া ক্ষেত্রে দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান লিনু এবং সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক পুরস্কার পাচ্ছেন। এছাড়াও বিশেষ অবদানের জন্য মাহেরীন চৌধুরী (মরণোত্তর), কাজী ফজলুর রহমান (মরণোত্তর), মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার বাবুকে এই পদক প্রদান করা হচ্ছে।

ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি এবার ৫টি প্রতিষ্ঠানকেও রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মাননা দেওয়া হচ্ছে। তালিকায় রয়েছে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পিকেএসএফ, সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

উল্লেখ্য যে, ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে গৌরবময় অবদানের জন্য এই পুরস্কার দিয়ে আসছে সরকার। পুরস্কারপ্রাপ্তরা প্রত্যেকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র পেয়ে থাকেন। আজকের এই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গুণীজনদের কাজের এই যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন সম্পন্ন হতে যাচ্ছে।

 

বিজ্ঞাপন

চাকরি দেবে অ্যাকশনএইড
১৬ এপ্রিল ২০২৬ ১০:০৫

বায়ুদূষণে ঢাকা বিশ্বে ষষ্ঠ
১৬ এপ্রিল ২০২৬ ০৯:৪০

আরো

সম্পর্কিত খবর