ঢাকা: বিএনপির নির্বাচানি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের সর্বশেষ হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে নির্ধারিত ছক অনুযায়ী এই প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং তা বাস্তবায়নের কৌশল ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এই নির্বাচনি ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ইশতেহারের আলোকে প্রণীত এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে তারা ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী নিয়োগ সংক্রান্ত এই ইশতেহার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধীনস্থ দফতর, সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোর শূন্য পদের সঠিক তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে পিএসসির মাধ্যমে পূরণযোগ্য পদ এবং সরাসরি নিয়োগযোগ্য পদের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করতে হবে। এই প্রেক্ষাপটে, চিঠিতে উল্লিখিত ছক মোতাবেক প্রতিবেদনটি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখায় পিডিএফ ও ওয়ার্ড ফাইলসহ ইমেইল বা ডিনথির মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে যদি পিএসসির মাধ্যমে পূরণযোগ্য কোনো শূন্য পদ থাকে, তবে তার অধিযাচন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে পাঠাতে বলা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি তদারকি করার জন্য প্রতি মাসের ৫ তারিখের মধ্যে হালনাগাদ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে অনুলিপিসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিশ্চিতভাবে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।