Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নববর্ষ ঘিরে নাশকতার কোনো তথ্য নেই: র‌্যাব মহাপরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১২:৪৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৫

ঢাকা: বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নাশকতার কোনো তথ্য পাওয়া যায়নি এবং কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ

সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলে বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র‌্যাব কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

র‌্যাবের মহাপরিচালক বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য বিশ্লেষণ পূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যেকোনো নাশকতার পরিকল্পনা নসাৎ করে দিতে প্রস্তুত র‌্যাব। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র‌্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারী অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রতিবছরের মতো এ বছরও পহেলা বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। বাংলা নববর্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশব্যাপী র‌্যাবের ১৫টি ব্যাটলিয়ন নিয়োজিত থাকবে। নববর্ষে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারাদেশে র‌্যাবের সকল ব্যাটলিয়নগুলো নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন লক্ষ্যে ১৮১টি পিকাপ পেট্রোল টিম, ১২৭টি মোটরকেল পেট্রোল টিমসহ সর্বমোট ৩০৮টি টহল এবং সাদা পোশাকের নরজ্যদারী সহ র‌্যাবের সদস্য মোতায়ন থাকবেন।

আহসান হাবীব পলাশ বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে কোন গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এই লক্ষ্যে চেকপোস্ট, টহল এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সারাদেশব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র‌্যাবের কন্ট্রোল রুম, ফুড পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা।

এছাড়া যেকোন পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। যেকোন ধরনের নাশকতা এবং হামলার মোকাবেলায় র‌্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান স্থল এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো আগত মহিলাদের উত্তপ্ত ইফটিজিং যৌন হয়রানী রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বসাধারণের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি, নিরাপত্তার ঝুঁকি রয়েছে- এমন কোন তথ্য পেলে অথবা কোনো ধরনের হেনস্তার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র‌্যাব বা অন্য কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে জানাবেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, ইনশাআল্লাহ। আমি আশা করছি পূর্বের বছরগুলো ন্যায় এ বছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ দেশব্যাপী উদযাপিত হবে।