ঢাকা: ৫ বছর বয়সী শিশু রাতুলের পরিবার এবং আগারগাঁও এলাকার পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এবং পরবর্তীতে আগারগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এই দুই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে সহায়তার বার্তা ও আর্থিক অনুদান পৌঁছে দেয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে শিশু রাতুলের বাসায় যায়। সেখানে তারা রাতুলের অসুস্থ বাবা মোহাম্মদ রাব্বির সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গভীর সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘৫ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’ শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। সংবাদটি দেখার পরপরই তিনি শিশুটির পরিবার এবং সংগ্রামী বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়ানোর বিশেষ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’ শিশু রাতুলের আগামীর পড়াশোনার সব দায়িত্ব নিয়েছে। রাতুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় গিয়ে পানি বিক্রেতা শাহানুর বেগমের সার্বিক অবস্থার খোঁজখবর নেয় এবং তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। অসহায় ও সংগ্রামী মানুষের প্রতি প্রধানমন্ত্রীর এই তাৎক্ষণিক সাড়া সামাজিক ও মানবিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
সহায়তা কার্যক্রম পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যান্য নেতারা। অসহায় এই পরিবারগুলো প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে।