Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুর-৩
শ্রীবরদী-ঝিনাইগাতীতে নারী ভোটারদের সরব উপস্থিতি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৬:৩২ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৭:৫৪

নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। ছবি: সংগৃহীত

‎ঢাকা: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদীয় উপ-নির্বাচনে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিশেষ করে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে। যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিন দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় ২৬ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সমাগম আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী, বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) মনোনীত মিজানুর রহমান।

বিজ্ঞাপন

‎নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থাগ্রহণ করেছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বডিওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক কাজ করছে। সাধারণ কেন্দ্রে পাঁচজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ছয়জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

‎নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, তিন স্তরের কঠোর নিরাপত্তা বলয়ে পুরো নির্বাচনি এলাকা ঢেকে রাখা হয়েছে। নির্বাচনের পরবর্তী সময়েও এই নিরাপত্তা বলয় বজায় থাকবে।

‎উল্লেখ্য, দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। ১২৮টি কেন্দ্রের ৭৫১টি কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠে রয়েছেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩ জন যুগ্ম জেলা জজ এবং ১৮ জন নির্বাচন পর্যবেক্ষক।

এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিম, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪টি টিম এবং পুলিশের ১ হাজার ১৫০ জন সদস্য নিয়োজিত আছেন।

‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর