Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মৃত ভোটার শনাক্তে ইসির নতুন পরিকল্পনা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৯:২০ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ২০:৩২

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে মৃত ভোটারদের নাম স্থায়ীভাবে কর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়াকে আরও বেগবান ও নিখুঁত করতে স্থানীয় পর্যায়ের ইমাম, পুরোহিত ও ধর্মীয় গুরুদের সম্পৃক্ত করার একটি বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে সংস্থাটি।

বুধবার (৮ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি কর্মকর্তাদের মতে, অনেক সময় পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির এনআইডি হারিয়ে যাওয়ার বা সুযোগ-সুবিধা বন্ধ হওয়ার ভয়ে তথ্য গোপন করেন।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, এখন থেকে মৃত ব্যক্তির এনআইডি আর ফেরত নেওয়া হয় না, যাতে পরিবারের ভয় দূর হয়। এ ছাড়া মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের সীমাবদ্ধতা কাটাতে ধর্মীয় নেতাদের যুক্ত করা হচ্ছে, কারণ মৃত্যু ও শেষকৃত্যের বিষয়ে তারা সরাসরি অবগত থাকেন।

বিজ্ঞাপন

ভোটার তালিকার শুদ্ধতা ও সঠিকতা বজায় রাখতে তালিকা থেকে মৃত ভোটারদের স্থায়ীভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রম বাস্তবায়নে ইমাম ও পুরোহিতদের সহায়তা নেওয়ার বিষয়টি এখন বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ দেওয়ার সিদ্ধান্তের পর কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এটি বাস্তবায়ন করা হবে, তা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় ধর্মীয় গুরু যেমন ইমাম ও পুরোহিতদের সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রাথমিকভাবে এ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং চূড়ান্ত সুপারিশ তৈরি করে কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, ভোটার হালনাগাদে অনেকে মৃত ভোটারের তথ্য দিতে চায় না এই ভেবে যে ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে তাদের এনআইডি নিয়ে নেওয়া হবে। পরবর্তীতে কোনো কারণে মৃত ব্যক্তির এনআইডি প্রয়োজন হলে তা আর তারা ব্যবহার করতে পারবেন না। এ ভয় দূর করার জন্য আমরা কিন্তু এখন আর এনআইডি ফেরত নিই না।

ইসি জানিয়েছে, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী তথ্য সংগ্রাহকরা একজন নতুন ভোটারের জন্য সমতলে ৫০ টাকা ও দুর্গম এলাকায় ৭০ টাকা পান। মৃত ভোটারের ক্ষেত্রে সমতলে ২০ টাকা এবং দুর্গম এলাকায় ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সুপারভাইজাররা নতুন ভোটারের জন্য সমতলে ১২ টাকা ও দুর্গম এলাকায় ১৮ টাকা এবং মৃত ভোটারের জন্য সমতলে ৭ টাকা ও দুর্গম এলাকায় ১২ টাকা পান। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বিশেষ ফরম ব্যবহারের ক্ষেত্রে তথ্য সংগ্রাহকরা ৪০ টাকা এবং সুপারভাইজাররা ৮ টাকা পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক বছরে তিনবার ভোটার তালিকা হালনাগাদ করেছে ইসি। এতে প্রায় ৬০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে এবং প্রায় ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

 

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর