Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হবে ১০ লেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২০:৪১ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ২৩:০৪

সংসদ অধিবেশনে কথা বলছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন হবে এবং এজন্য বর্তমানে সম্ভাব্যতা যাচাই চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন ও পদুয়াবাজার এলাকার যানজট নিরসনকল্পে কিছু পদক্ষেপ নেওয়া হবে। যে বাজেট আছে সেটা সমন্বয় করে, এখানকার যে ওভারপাস আছে সেটা সম্প্রসারণ করার জন্য এরই মধ্যে নকশা প্রণয়ন করেছি। আমরা মনে করছি, এই নকশা অনুসারে কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সক্ষম হব এবং তাতে ওই জায়গায় যে সমস্যাটি আছে তার একটা স্থায়ী সমাধান হয়ে যাবে।’

বিজ্ঞাপন

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার একটি প্রকল্পে এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই চলমান রয়েছে। আরও তিনটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা ওই সম্ভাব্যতা যাচাইয়ের মধ্যে আছে। পদুয়াবাজারে যে ইউলুপের কথা বলা হচ্ছে, সেটিকে আবার ইন্টারসেকশন যেভাবে আছে তার অধীনে আরও দু’টি আন্ডারপাস নির্মাণ করব।’

সরকার সমন্বয় করে কাজ করছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে যে প্রকল্পটি হয়েছিল, সেই প্রকল্প যতটুকু সংশোধন করা দরকার ততটুকু আমরা করতে পারছি। এর বেশি ওই প্রকল্পে করা সম্ভব হচ্ছে না। সরকার নতুন এসেছে। সংসদ সদস্য আমাকে এই বিষয়ে জ্ঞাত করেছেন। আমি সচিব এবং আমাদের সড়ক ও জনপথ অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে পাঠিয়েছি। তারা সেখানে সরেজমিনে দেখে আসছেন। বেশকিছু পদক্ষেপ আমরা নিয়েছি। দ্রুততম সময়ের মধ্যে নিশ্চয়ই সংসদ সদস্য দৃশ্যমান কিছু দেখতে পাবেন।’

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর