Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার অপসারণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২৩:৪৮ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ০৯:০৫

ঢাকা: রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৫ এপ্রিল) রাতে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত সকল আন্তঃজেলা বাস মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নত নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে অনুমোদনহীন বা রুট পারমিট ব্যতীত পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টারসমূহ অপসারণ করা প্রয়োজন। অনুমোদনহীন বা অবৈধভাবে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার স্থাপন ও পরিচালনা, পার্কিং, যাত্রী উঠা-নামা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করার ফলে মহানগরে অন্যান্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মহানগরে রাত্রিকালেও ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন

গণবিজ্ঞপ্তি জারির ৭ কার্য দিবসের মধ্যে ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা (গাবতলী, মহাখালী ও সায়দাবাদ) ব্যতীত অন্য কোন স্থানে এই কার্যক্রম পরিচালনা না করাসহ মহানগরের বিভিন্ন স্থানে যেসকল আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার রয়েছে তা সংশ্লিষ্ট সকলকে স্ব-উদ্যোগে অপসারণ করার জন্য অনুরোধ করা হলো।

অন্যথায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৭/৪৭/৮২/৯০ ধারাসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনের বিধান বলে ডিএমপি’র বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারি ট্রায়াল বা মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা (কারাদন্ড/অর্থদণ্ড/রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত ইত্যাদি) নেওয়া হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর