Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৭:১৩ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৮:০৬

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে সব ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ ‘ভালো বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এই সহযোগিতা কামনা করেন। ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারের অন্তর্ভুক্তিমূলক অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি এবং সবাইকে একরকমভাবে ভালোবাসি। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, দেশটা সবার।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আসুন দেশটাকে গড়ার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করি। সুখী, সমৃদ্ধ একটি বেটার বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষ সবাইকে একযোগে কাজ করতে হবে, এই লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতি গণমানুষের সমর্থনের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, একটা কথা প্রচলিত ছিল যে, অন্য ধর্মের মানুষজন বিএনপিকে ভোট দেয় না। কিন্তু এটা এবারের নির্বাচনে ভুল প্রমাণিত হয়েছে।

বিগত সরকারের আমলের দুরাবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি যখন দায়িত্ব গ্রহণ করেছে তখন দেশের ভঙ্গুর দশা ছিল। অর্থনৈতিক খাতে ভঙ্গুর অবস্থা, যোগাযোগ খাতে ভঙ্গুর দশাসহ বিভিন্ন সেক্টারে যে অবস্থা বিরাজ করছিল, মনে হয়েছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছি।

শুভেচ্ছা বিনিময়কালে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা বর্তমান সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তারা ফ্যামিলি কার্ড প্রবর্তন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ এবং ইমাম-মুয়াজ্জিন থেকে শুরু করে পুরোহিত ও খ্রিষ্টান চার্চের যাজকদের বিশেষ সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় তারা জাতীয় সংসদে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত নারী আসন এবং ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান। প্রধানমন্ত্রী তাদের এসব দাবি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

প্রতিনিধি দলটি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জানান, বিএনপি চেয়ারপারসনের জন্য সাত হাজার চার্চে প্রার্থনা করা হয়েছে এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কল্যাণ কামনায় তারা প্রতিদিন প্রার্থনা করছেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর হাতে ইস্টার সানডের স্মারক হিসেবে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী খ্রিষ্টান সম্প্রদায়ের সবার সাফল্য ও মঙ্গল কামনা করেছেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর