ঢাকা: পাবনা, রাজবাড়ী, ঠাকুরগাঁও ও রংপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর আগে ওই চার জেলার ডিসিকে প্রত্যাহার করে নেওয়া হয়।
বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেনের স সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বিটিআরসির সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
এর আগে এ ৪ জেলার ডিসিদের প্রত্যাহার করেছে সরকার। তাদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান ও রাজবাড়ীর সুলতানা আক্তার।