Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান ইস্যুতে বাংলাদেশের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৩:৫৯ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৮:১০

ঢাকা: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। ইরান প্রত্যাশা করে বাংলাদেশ আগ্রাসী শক্তির নিন্দা করবে।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস।

সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, আমাদের ভাই হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল, সেটা হয়নি। এটা আমাদের জন্য কষ্টের।

বিজ্ঞাপন

ইরান বাংলাদেশকে ভাই মনে করে বলেও জানান তিনি।

বাংলাদেশের বিবৃতি দেওয়ার প্রেক্ষিতে ইরান এই অসন্তুষ্টি তুলে ধরে বাংলাদেশ সরকারকে কোনো চিঠি দেবে কি না জানতে চাইলে- ইরানের রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হবে না। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরব।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারতো। রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও তারা নিন্দা জানিয়েছে।

সারাবাংলা/একে/ইআ