Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সদরঘাট লঞ্চ টার্মিনাল
ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১০:১৮ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১২:২২

ছবি: সংগৃহীত।

ঢাকা: ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে জীবন ও জীবিকার তাগিদে আবারও যান্ত্রিক রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। ভিড় এড়াতে অনেকেই আগেই ঢাকা আসছেন।

আজ সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে এবারের ফিরতি যাত্রায় চিরাচরিত সেই ভোগান্তির বদলে যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ।

সোমবার সূর্য ওঠার আগেই পটুয়াখালী, ভোলা, বরিশাল ও বরগুনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো একে একে সদরঘাটে ভিড়তে শুরু করে।

প্রতিটি লঞ্চই ছিল যাত্রীতে ঠাসা। ব্যাগ-পোটলা হাতে নিয়ে কর্মস্থলমুখী মানুষকে সুশৃঙ্খলভাবে টার্মিনালে নামতে দেখা যায়।

বিজ্ঞাপন

আজ ঢাকায় আসা যাত্রীরা জানিয়েছেন, এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় ফেরার পথে অতিরিক্ত তাড়াহুড়ো এবং বড় কোনো ঝামেলা পোহাতে হয়নি।

এদিকে, পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পেরে তৃপ্তির কথা জানিয়েছেন ফিরে আসা সাধারণ মানুষ।

ভোলা থেকে আসা এক বেসরকারি চাকরিজীবী আসিফ রহমান জানান, অন্যান্য বছর ফেরার জন্য খুব তাড়াহুড়ো করতে হয়, কিন্তু এবার ছুটি বেশি পাওয়ায় স্বজনদের সঙ্গে বেশ ভালো সময় কেটেছে। লঞ্চে ভিড় থাকলেও কোনো ধরনের বড় বিশৃঙ্খলা বা ভোগান্তি ছাড়াই ঢাকা পৌঁছাতে পেরেছি।

তবে সদরঘাটে আজ এক ভিন্ন চিত্রও দেখা গেছে। একদিকে যখন হাজারো মানুষ ঢাকায় ফিরছেন, অন্যদিকে ঈদের তৃতীয় দিনেও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে।