ঢাকা: কুমিল্লায় লেভেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১২ জনের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
রোববার (২২ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রেলওয়ের কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি একাধিক সিদ্ধান্ত নিয়েছে।
হাবিবুর রশিদ বলেন, আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আহতদের মধ্যে যদি কাউকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানোর প্রয়োজন হয় সেই ব্যবস্থাও করব। এছাড়া, যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীও খোঁজখবর রাখছেন।
পরিদর্শনকালে কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াসিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচাল (ডিজি) মো. আফজাল হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা ও রেল মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গতকাল শনিবার (২১ মার্চ) রাত প্রায় ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার লেভেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এই ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭ পুরুষ, ২ নারী ও ৩ শিশু রয়েছে।