ঢাকা: আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি জানান, স্বাধীনতা দিবসের দিন ভোর ৫টায় প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে উপস্থিত হয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন।
এছাড়াও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিএনপি এবং সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, ২৬ মার্চ রোববার ভোরে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে আগামী ২৫ মার্চ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের প্রতিটি জেলা, উপজেলা ও সকল ইউনিটে স্থানীয়ভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে রিজভী আরও উল্লেখ করেন যে, স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে বীর শহিদদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখতে দলীয় নেতাকর্মীসহ আপামর জনসাধারণকে ঘোষিত প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। দেশের বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই দিবসটি নতুন প্রেরণা যোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।