ঢাকা: ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, মন্ত্রিসভা নিজ উদ্যোগে একটি সিদ্ধান্ত নিয়েছে, দেশে বর্তমানে চলমান এবং অতীতে দায়ের হওয়া সব ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে একটি বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, সমাজ থেকে ধর্ষণ প্রবণতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়ে এসব মামলার নিষ্পত্তি করতে বলা হয়েছে।