Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ০৮:১৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১০:১৪

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত।

ঢাকা: পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পাতায় দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পবিত্র লাইলাতুল কদর মহিমা মণ্ডিত ও বরকতময় একটি রাত। রমজান মাসের এই মহিমান্বিত রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এবং মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন।

তিনি বলেন, এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এই রাতে।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির বিকাশের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় মানুষকে অনুপ্রাণিত করে।

দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, সবাই যেন এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করেন এবং মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করেন।

প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির পথে এগিয়ে যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর