Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর আদায় প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সমন্বিত বোর্ড গঠন করা হবে: ডিএসসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৯:১৩ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২০:৪৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ডিএসসিসি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নগরের বর্জ্য ব্যবস্থাপনা ও সড়কবাতির ব্যবস্থাকে শতভাগ কার্যকর করতে চাই। একই সঙ্গে কর আদায় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে নাগরিকদের সম্পৃক্ত করে একটি সমন্বিত বোর্ড গঠনের পরিকল্পনা রয়েছে, যাতে ট্যাক্স নির্ধারণ ও আদায় কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হতে পারে।

রোববার (১৫ মার্চ) রাজধানীর শ্যামপুর এলাকায় মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নগর উন্নয়নমূলক সকল কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং কাজের গুণগত মান অবশ্যই নিশ্চিত করতে হবে। কোনো কাজ অন্যের কাছে হস্তান্তর করা যাবে না।

এ সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে শ্যামপুর এলাকায় একটি ব্যায়ামাগার ও পাঠাগার নির্মাণের বিষয়েও তিনি আশ্বাস দেন।

শ্যামপুর এলাকার এ বিশেষ অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে ড্রেন ও ফুটপাত থেকে বর্জ্য অপসারণ করা হয়, পাশাপাশি মশা নিয়ন্ত্রণে বিশেষ ওষুধ ছিটানো হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালিও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডিএসসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর