Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় পিএসসির ৪ নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৮:৩২

ঢাকা: ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (১৫ মার্চ) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা হলে সব ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, মোবাইল ফোন, সব প্রকার ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।

এতে বলা হয়, পরীক্ষা হলের গেটে অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, পরীক্ষার দিন বর্ণিত নিষিদ্ধ সামগ্রী সাথে না আনার জন্য সব পরীক্ষার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। এসএমএস বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বাহ্ণে কমিশনের অনুমোদন নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর নিকট বর্ণিত নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক নেওয়া সব নিয়োগ পরীক্ষার জন্য এ পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। এছাড়া, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ এর ধারা-১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী কোনো অপরাধ সংঘটন করলে বা সংঘটনে সহায়তা করলে, তিনি যে ধারার অধীন অপরাধ সংঘটন করবেন বা সংঘটনে সহায়তা করবেন, সে ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডিত হবেন।

উল্লেখ্য, আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর