Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসন
আপিল ছাড়াই ভোটের লড়াইয়ে নামছেন ৮ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২২:৪২

ঢাকা: আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল জমা পড়েনি।

মঙ্গলবার (১০ মার্চ) আপিল করার নির্ধারিত সময় পার হলেও নির্বাচন কমিশনে (ইসি) কোনো আবেদন জমা না পড়ায় প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ৮ প্রার্থীই ভোটের মাঠে থাকছেন। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সম্প্রতি বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এরপর কেউ আপিল করেননি।

বিজ্ঞাপন

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এখানেও রিটার্নিং কর্মকর্তা বাছাই কার্যক্রম সম্পন্ন করেছেন। কেউ আপিলও করেননি।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুইটি আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ই মার্চ। ভোট গ্রহণ ৯ এপ্রিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর