Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ মে ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৯:২৬ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ২২:৫০

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত।

সোমবার (৯ মার্চ) ডিসি সম্মেলনের পূর্বপ্রস্তুতি নিতে সব সচিব এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা।

চিঠিতে জানানো হয়, আগামী ৩ থেকে ৬ মে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছেন।

বিজ্ঞাপন

ডিসি সম্মেলন চলাকালে বিভিন্ন অধিবেশনে মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জ্যেষ্ঠ সচিব ও সচিবরা অংশ নেবেন। তারা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং পরামর্শ দেবেন।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা দফতর সংশ্লিষ্ট অধিবেশন অনুষ্ঠিত হবে।

সরকারের নীতি-নির্ধারক, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং মাঠ প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালে যথাক্রমে মার্চ ও ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর