Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ওয়াসার নতুন এমডি অতিরিক্ত সচিব মনিরুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৯:১৪ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ২২:৫০

মুহা. মনিরুজ্জামান

ঢাকা: স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দিয়েছে সরকার।

এই কর্মকর্তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দিয়ে সোমবার (৯ মার্চ) অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগে দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তিনি প্রচলিত বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন।

বিজ্ঞাপন

এর আগে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। গতকাল রোববার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তার পদত্যাগপত্র গ্রহণের পরই ঢাকা ওয়াসার এমডি পদে নতুন দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন।

সম্প্রতি আব্দুস সালামের স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডায় বাড়ি থাকার বিষয় নিয়ে ৪ মার্চ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তাকে সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা ওয়াসার দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শনে গেলে ওই অনুষ্ঠানে আব্দুস সালামকে দেখা যায়নি।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।

ঢাকা ওয়াসার এমডি পদে আব্দুস সালামকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তাকে নিয়োগ দেওয়ার আগে বিজ্ঞপ্তির শর্ত একাধিকবার সংশোধন করা হয় এবং যোগ্যতা নিশ্চিত করতে তাকে পদোন্নতিও দেওয়া হয়। পরে কোনো সাক্ষাৎকার ছাড়াই তিনজনের তালিকায় তার নাম সবার ওপরে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং মন্ত্রণালয় তাকেই নিয়োগ দেয়।

এর আগে, দীর্ঘদিন ঢাকা ওয়াসার এমডি ছিলেন তাকসিম এ খান। ২০০৯ সালে নিয়োগ পাওয়ার পর তিনি ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তবে গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর