ঢাকা: নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত প্রত্যেক নারী প্রতি মাসে কার্ডের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
রোববার (৮ মার্চ) দুপুরে বিএনপি মিডিয়া সেল এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই মেগা প্রকল্পের বিস্তারিত তুলে ধরতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রকল্পের রূপরেখা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বক্তব্য দেবেন। এরপরের দিন মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে এই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। যদিও শুরুতে এই কর্মসূচির উদ্বোধন বগুড়ায় হওয়ার কথা ছিল, তবে পরবর্তীতে স্থান পরিবর্তন করে ঢাকায় নির্ধারণ করা হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, সরকারপ্রধান নিজেই এই জনকল্যাণমূলক কাজের সূচনা করবেন।
প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ডোর-টু-ডোর স্টেপস অ্যাপ্রোচ’ বা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের বাছাই করা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধারাবাহিকভাবে প্রথমে একটি ওয়ার্ড, এরপর একটি ইউনিয়ন—এভাবে পর্যায়ক্রমে সারা দেশে এই কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এই উদ্যোগটি দেশের প্রান্তিক নারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।